বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা:
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অতিরিক্ত কাজের চাপ ও প্রশাসনিক জটিলতার কারণেই কি মানসিক চাপে ভুগছিলেন শিপ্রা হালদার? সেই চাপের জেরেই কি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু? মগরাহাটের চারগাছিয়া এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী শিপ্রা হালদারের আকস্মিক মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।
মগরাহাট ২ নম্বর ব্লকের চারগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ নম্বর অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রের কর্মী ছিলেন শিপ্রা হালদার। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত কাজের চাপ এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ তারিখ সুপারভাইজারের কাছে সমস্ত নথিপত্র জমা দেওয়ার কথা ছিল তাঁর। সেই কাজের চাপের মধ্যেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলে পরিবারের দাবি। প্রথমে তাঁকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত ছিলেন শিপ্রাদেবী। পরিবারের দাবি, চাকরি থেকে অবসর নিতে আর মাত্র এক বছর বাকি ছিল তাঁর। দীর্ঘ কর্মজীবনের শেষ পর্যায়ে এসে এভাবে তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও গোটা এলাকা।
শিপ্রাদেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়িতে ভিড় জমান শতাধিক মানুষ। শোকপ্রকাশের পাশাপাশি ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী কাজের অতিরিক্ত চাপ ও বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সরব হন। তাঁদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর কাজের চাপ কমানো এবং তাঁদের সমস্যাগুলির প্রতি প্রশাসনকে আরও সংবেদনশীল হতে হবে।
শিপ্রাদেবীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য, গ্রামবাসী, স্কুলের ছাত্রছাত্রী এবং সহকর্মীরা। এই ঘটনার পর অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের চাপ ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত