চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে দাবি নিষ্পত্তিতে গতি, অগ্রাধিকারভিত্তিতে অর্থ পাচ্ছেন সাধারণ গ্রাহকরা
এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদক:
বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় তৃতীয় দফায় ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। ৪ অক্টোবর ২০২৬ তারিখে ৬টি জীবন বীমা কোম্পানির মাধ্যমে মোট ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীকে এ অর্থ পরিশোধ করা হয়েছে বলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) সংশ্লিষ্ট কোম্পানিগুলো নিশ্চিত করেছে।
আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ বীমা খাতে দীর্ঘদিনের দাবি নিষ্পত্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। নিয়মতান্ত্রিকভাবে এবং ফার্স্ট ইন, ফার্স্ট আউট (এফআইএফও) পদ্ধতি অনুসরণ করে সাধারণ গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে পুরোনো ও বৈধ দাবিগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে।
আইডিআরএর উদ্যোগে তৃতীয় দফায় বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪ জন গ্রাহককে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৮১ জনকে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ হাজার ৩৪৮ জনকে ৯ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ হাজার ১৪০ জনকে ৬ কোটি ৭৮ লাখ টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬৫ জনকে ৩০ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৫৭৩ জনকে ৫ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীকে ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। এর মধ্যে ৩ সেপ্টেম্বর প্রথম দফায় ২ হাজার ৫৪৯ জনকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জনকে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা দেওয়া হয়।
তৃতীয় দফার অর্থ পরিশোধের মধ্য দিয়ে তিন দফায় মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীর অনুকূলে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধের কার্যক্রম সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে বীমা দাবি না পাওয়ায় যেসব গ্রাহক আর্থিক অনিশ্চয়তায় ছিলেন, তাঁদের জন্য এ উদ্যোগ স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
বীমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে শুধু নতুন পলিসি বিক্রি নয়, বরং প্রতিশ্রুত সময়ে বৈধ দাবি পরিশোধ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় আইডিআরএর ধারাবাহিক উদ্যোগ বীমা কোম্পানিগুলোর জবাবদিহিতা বৃদ্ধি, দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং পলিসিধারীদের অধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, দাবি নিষ্পত্তিতে নিয়মতান্ত্রিকতা, স্বচ্ছতা এবং অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকলে বীমা খাতে সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী হবে। তবে এ অগ্রগতি টেকসই করতে বকেয়া বৈধ দাবিগুলোর নিয়মিত পর্যালোচনা, কোম্পানিভিত্তিক অগ্রগতি তদারকি এবং নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
আইডিআরএর চলমান উদ্যোগের মূল লক্ষ্য হলো পলিসিধারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সুদৃঢ় করা। ধারাবাহিকভাবে দাবি পরিশোধের এই কার্যক্রম বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বকেয়া দাবি নিষ্পত্তির পাশাপাশি দেশের জীবন বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা পুনর্গঠনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত