আবু মুসা, টেকনাফ প্রতিনিধি
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে ১৭০ ঘনফুট পাহাড়ি সেগুন কাঠ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় কাঠ পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি করে ১৭০ ঘনফুট পাহাড়ি সেগুন কাঠ উদ্ধার করা হয়। পাশাপাশি কাঠ পরিবহনে ব্যবহৃত ট্রাক দুটি জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়।
অভিযান শেষে জব্দ করা কাঠ, ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনসম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ কাঠ পরিবহন ও পাচারবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত