আবু মুসা, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে তাঁদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন বেশ কয়েকজন বাংলাদেশি জেলে। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন স্থানে কিংবা কারাগারে তাঁদের আটক রাখা হয়।
আটক জেলেদের পরিবারের দুর্ভোগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে আটক জেলেদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার ফেরত আনা ৪১ জেলের পরিচয় যাচাইয়ের কার্যক্রম স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজিবির তথ্য অনুযায়ী, আজ ফেরত আসা ৪১ জনসহ ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক বাংলাদেশি জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশনকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আটক জেলেদের দেশে ফিরিয়ে আনার এ উদ্যোগে তাঁদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মানবিক বিবেচনায় এটি সীমান্ত ব্যবস্থাপনা ও বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত