নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় দুই রোহিঙ্গা ভাইকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্টের সি-০৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় বালুরমাঠ পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক সুমন ভক্তের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে এসআই মাঈন উদ্দিনসহ এপিবিএনের অন্যান্য সদস্য অংশ নেন।
এপিবিএন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের সি-০৫ ব্লকে অভিযান চালিয়ে আরসার জিম্মাদার হিসেবে পরিচিত মো. ফয়সাল (২১) ও তাঁর বড় ভাই রবিউল আলমের (২৩) শেল্টারে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি এবং দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করা হয়।
আটক দুই ভাইয়ের পিতার নাম সৈয়দ হোসেন। তাঁরা উভয়েই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্টের সি-০৫ ব্লকের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত