আবু মুসা,
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবু তাহের শিকদারের বাড়ির কাছ থেকে পাহাড়ি মাটিভর্তি একটি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেন বন বিভাগের সদস্যরা।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ি মাটিভর্তি ডাম্পারসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
পাহাড় কাটা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগের নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত