ডেক্স রিপোর্ট
ওমান সালতানাতের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ওমানের মান্যবর রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি আজ রাজধানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের প্রতি একটি শুভেচ্ছাবার্তা বাংলাদেশে নিযুক্ত ওমানের মান্যবর রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির হাতে তুলে দেওয়া হয়।
শুভেচ্ছাবার্তায় জামায়াতের আমীর ওমানের মহামান্য সুলতান এবং দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছাবার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং জনশক্তি খাতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশে বসবাসরত ওমানে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা বিবেচনায় নিয়ে দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত