কক্সবাজার প্রতিনিধি: (আবু মুসা)
কক্সবাজার শহরের সুগন্ধা বিচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহিউদ্দিন শরীফকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে কক্সবাজার পৌরসভার সুগন্ধা বিচ সংলগ্ন কাসুন্দি হোটেল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল সুগন্ধা বিচ এলাকায় অবস্থান নেয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাসুন্দি হোটেল এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মহিউদ্দিন শরীফ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার মৃত নাছেরের ছেলে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত