জুলফিকার আলী,
বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সর্বসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এগিয়ে এসেছেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। তাঁরই সার্বিক সহযোগিতায় কলারোয়া পশুহাট মোড়ের দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকা গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়া পশুহাট মোড়ের এই রাস্তাটি বিগত প্রায় দুই থেকে আড়াই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানিতে ডুবে যেত, যার ফলে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হচ্ছিল না।ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে গত শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সাথে কথা বলেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। এ সময় ইউএনও মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের ব্যাপারে আশ্বস্ত করেন। তাঁর এই আশ্বাসের পরপরই অত্যন্ত দ্রুততার সাথে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। এর আগে গত শনিবার সাতক্ষীরার স্থানীয় দৈনিক 'পত্রদূত' পত্রিকায় এই জনদুর্ভোগ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পর এবং ইউএনও’র তাৎক্ষণিক পদক্ষেপের কারণে দীর্ঘদিনের এই জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে চলায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। দ্রুততম সময়ের মধ্যে এই জনদুর্ভোগ লাঘব করায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এলাকাবাসী ও সাধারণ পথচারীরা। স্থানীয় জনসাধারণ আশাবাদ ব্যক্ত করে বলেন, কলারোয়ায় এমন একজন মানবিক ও কর্মতৎপর ইউএনও থাকলে এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ সরকারের সব ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম আরও অনেক দূর এগিয়ে যাবে।