মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর ও গণপতি গ্রামে দুটি গ্রামীণ সড়কের ইট সোলিং নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এসব কাজের উদ্বোধন করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মথুরেশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গণপতি গ্রামের নতুন মসজিদের সামনের ইট সোলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। পরে তিনি শীতলপুর গ্রামের একটি ইট সোলিং সড়কের নির্মাণকাজেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মনজুর মুর্শিদ, ইউনিয়ন সেক্রেটারি আজগার আলী, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ খায়রুল বাশার, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ নাজমুল হুদা, ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আব্দুস সোবহান, শহিদুল ইসলাম কেনাসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার টেকসই উন্নয়নের ভিত্তি হলো উন্নত যোগাযোগব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন মানুষের দৈনন্দিন চলাচল সহজ করার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব অবদান রাখে। দল-মত নির্বিশেষে জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়ক দুটি নির্মিত হলে বর্ষাকালে চলাচলের দুর্ভোগ কমবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এতে এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।