স্টাফ রিপোর্টার: আল ইমরান
গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে রাসেল শেখ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ রবিবার (১৩'সেপ্টেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার হিরন্যকান্দি প্রাইমারি স্কুল সংলগ্ন জয়নগর টু মাজড়া বাজার সংযোগ সড়কে জাহিদ শেখের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের রফিক শেখের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের জীবন শেখ (২৩), পিতা হুমায়ন শেখ এবং রনি শেখ (৩৪), পিতা মিজানুর রহমান শেখ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রূপচাঁদা গ্রুপের মুকসুদপুর উপজেলা ডিলার আব্দুর রহমানের মালিকানাধীন একটি নসিমনে করে রূপচাঁদা সয়াবিন তেল কাশিয়ানী উপজেলার বিভিন্ন খুচরা মুদি দোকানে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে জয়নগর টু মাজড়া বাজার সড়কের হিরন্যকান্দি স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেল শেখের মৃত্যু হয়। আহত হন নসিমনে থাকা অপর দুইজন। নিহতের বড় ভাই ইব্রাহীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত