স্টাফ রিপোর্টার:- আল ইমরান
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন হুজুর ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে। অভিযুক্ত বাশার সিকদার একই গ্রামের বাগান সিকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। আজ ভোরে ডাঙা মাজড়া মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সুযোগ বুঝে বাশার সিকদার ধারালো দেশীয় অস্ত্র দিয়ে জাকির হোসেনের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, "ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত পলাতক রয়েছে।"
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত