নিজস্ব প্রতিবেদক মোঃ এনামুল হক
কুড়িগ্রাম জেলার ছিলমাড়ী উপজেলা পরিষদ এর আওতাধীন রানীগঞ্জ ইউনিয়নের ফকির হাট থেকে কাঁচ খোলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহলের চলমান অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদীভাঙনের ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের নির্দেশনা ও আইন-কানুনকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে, যা বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙনের কারণ হতে পারে। এছাড়া কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা অত্যন্ত জরুরি। অন্যথায় নদীভাঙন, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের দাবি জানান এবং নদী রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।