এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবিরবাজার বিওপি ও বৌয়ারাবাজার বিওপির টহলদল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় সীমান্তের আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে ১ জনকে আটক করে তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত