মো: শাহরিয়ার, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২১ নভেম্বর ২০২৬ ইং, সারাবছরের হাড়ভাঙা পরিশ্রম, ঋণ করে সার-বীজ কেনা আর বুকভরা স্বপ্ন—সবকিছু যেন দুই দিনের বৃষ্টিতে ভেস্তে যাওয়ার উপক্রম। পাকা ধান কেটে ঘরে তোলার আগেই টানা বৃষ্টিতে মাঠে পড়ে থেকে নষ্ট হচ্ছে কৃষকের সোনালি ফসল।
কোথাও কাটা ধান পানিতে ডুবে আছে, কোথাও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা। প্রকৃতির এমন বিরূপ আচরণে কুড়িগ্রামের কৃষকদের মুখে এখন হাসির বদলে দুশ্চিন্তার ছাপ।
বিশেষ করে নদীবেষ্টিত চরাঞ্চল রাজিবপুরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। নিচু জমিতে বৃষ্টির পানি জমে থাকায় কেটে রাখা ধান ঘরে তুলতে পারছেন না অনেক কৃষক। জমিতে পানি আটকে থাকায় ধান শুকানো ও মাড়াই নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সময়মতো ফসল ঘরে তুলতে না পারলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
একজন ক্ষতিগ্রস্ত কৃষক আক্ষেপ করে বলেন, “সারাবছর কষ্ট করে যে স্বপ্নের ফসল ফলিয়েছি, বৃষ্টির কারণে সেই ফসল ঘরে তুলতে পারছি না। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। আমার অনেক ক্ষতি হচ্ছে। এত কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে খুব কষ্ট লাগছে।”
স্থানীয় কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত না কমলে এবং আবহাওয়া অনুকূলে না এলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে চরাঞ্চলের নিচু জমিতে আটকে থাকা পানি কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, “কুড়িগ্রামের আবহাওয়া কিছুটা খারাপ থাকায় বৃষ্টির কারণে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতির সম্মুখীন হচ্ছে।”
কৃষকের ঘাম, শ্রম আর বিনিয়োগের ফসল যখন ঘরে ওঠার আগেই মাঠে নষ্ট হওয়ার শঙ্কায়, তখন তাঁদের সামনে বড় প্রশ্ন—এই ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় কী? কৃষকের দাবি, ক্ষতিগ্রস্ত জমি দ্রুত পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হোক।
যে ধান ঘরে উঠলে হাসি ফুটত কৃষকের মুখে, সেই ধানই এখন বৃষ্টির পানিতে পড়ে আছে মাঠে। সোনালি ফসলের বদলে কৃষকের চোখে এখন শুধুই অনিশ্চয়তা আর লোকসানের হিসাব।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত