মোহাম্মদ সবুর শেখ। ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা ।
খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড় এলাকায় এনা পরিবহনের একটি কাউন্টারে কর্মরত ইমন নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় কাউন্টারের ক্যাশবাক্সে থাকা নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে।
রবিবার মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে। এনা পরিবহনের সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউন্টার ম্যানেজার নামাজ আদায়ের জন্য বাইরে গেলে দুর্বৃত্তরা কাউন্টারে ঢুকে হামলা চালায়। পরে ফিরে এসে তিনি স্টাফ ইমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ক্যাশবাক্সে থাকা টাকা লুট হয়েছে বলে দাবি করেন।
আহত ইমন দিঘলিয়া উপজেলার বাসিন্দা। জানা গেছে, রবিবারই ছিল এনা পরিবহনের কাউন্টারে তার প্রথম কর্মদিবস। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।