শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো নতুন নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৯ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৪৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। একই সময়ে কোনো নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি এবং হামে কারও মৃত্যুর ঘটনাও ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৫৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৬ হাজার ৮৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ সময়ে বিভাগে মোট ২২১ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে এখন পর্যন্ত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বাধিক ২ হাজার ২৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনায় ১ হাজার ১১৬ জন, সাতক্ষীরায় ১ হাজার ৪৩ জন, যশোরে ৮০১ জন, ঝিনাইদহে ৬১৩ জন, মেহেরপুরে ৫১১ জন, নড়াইলে ৪৪৯ জন, চুয়াডাঙ্গায় ৪৩৩ জন এবং বাগেরহাটে ৩৭১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সময়মতো টিকাদান ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চললে হাম প্রতিরোধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।