
স্টাফ রিপোর্টার: আল ইমরান
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নয়, প্রশাসনের নাকের ডগায়! গোপালগঞ্জ সদরের বৌলতলী ইউনিয়নে গড়ে উঠেছে শক্তিশালী ড্রেজার সিন্ডিকেট। প্রকাশ্যে ফসলি জমি কেটে, বিল-পুকুর ভরাট করে চলছে কোটি টাকার বালু বাণিজ্য। আর এর বলি হচ্ছে শত শত কৃষকের ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো।
শুক্রবার ২৪ জুলাই সরেজমিনে কলপুর-কুড়িগ্রাম-বাড়খাদি-জদুপুর বিলে গিয়ে দেখা যায় ভয়াবহ চিত্র। ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে শক্তিশালী ড্রেজার। পাইপ দিয়ে টেনে নেওয়া হচ্ছে মাটি-বালু। সেই বালু দিয়ে আশপাশের জমি ও বাড়ির প্লট ভরাট করে বিক্রি করা হচ্ছে চড়া দামে।
স্থানীয়দের অভিযোগের তীর কলপুর গ্রামের সুমন মিয়া, টুটুল মোল্লা, শাহীন ও আজু'র দিকে। অভিযোগ রয়েছে, এরা প্রতিবাদকারীদের হুমকি-ধমকি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
অনুসন্ধানে জানা যায়, শুধু কলপুর নয়, কাশিয়ানীর পুইশুর ইউনিয়নের সাবেক মেম্বার বিলায়েত কাজীর পুকুর থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করছে এই চক্র।
ড্রেজার মালিকরা দাবি করছেন "ডিসি-এসিল্যান্ডকে জানানো আছে"। কিন্তু কৃষকদের প্রশ্ন: ফসলি জমি থেকে বালু তোলার অনুমতি কে দিল? বালু মহাল নীতিমালা কোথায়?
ড্রেজারের ভারী পাইপ ও গাড়ির চাপে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে গেছে। ফসলি জমি নিচু হয়ে পানি জমছে। আগামী মৌসুমে এই জমিতে আর ধান হবে না বলে আশঙ্কা কৃষকদের।
এ বিষয়ে সদর ইউএনও কৌশিক আহমেদকে জানানো হলে তিনি "ব্যবস্থা নেওয়ার" আশ্বাস দেন। কিন্তু স্থানীয়রা বলছেন, "আশ্বাস আমরা বহু পেয়েছি। ড্রেজার বন্ধ হয়নি।"
কৃষকদের দাবি; অবিলম্বে ড্রেজার জব্দ, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ।
প্রশাসন কি এই ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, নাকি কৃষকের জমি এভাবেই বালুর নিচে চাপা পড়বে - সেটাই এখন বড় প্রশ্ন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত