মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ৫ জন উপকারভোগীর মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঋণ সহায়তার অর্থ ও আনুষঙ্গিক কাগজপত্র তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তার অর্থ কাজে লাগিয়ে উপকারভোগীরা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
ঋণ সহায়তা পেয়ে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগীরা। হস্তান্তরিত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত