ডেক্স রিপোর্ট
‘ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মার খেতে পারব না। একটা মারলে দুইটাকে মারব, সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।’ এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে তাঁকে এসব কথা বলতে শোনা যায়।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘ছবর-মবর এখন আর নেই। ছবর-মবরের মধ্যে আমি নেই। আমি মার খেতে পারব না। একটা মারলে দুইটাকে মারব, সেই ব্যবস্থা করেন। প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব। আমি মার খেতে পারব না।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। সেখানে দেওয়া তাঁর বক্তব্যের ১৬ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে জামায়াতের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতা মো. শাজাহানের অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরদিন বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব মন্তব্য করেন এমপি আমির হামজা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত