মালিকুজ্জামান কাকা
যশোরের ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় প্রধান শিক্ষককে মারধর করেছেন এক অভিভাবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের আগে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ছেলে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করায় ওই অভিভাবক প্রধান শিক্ষককে মারধর করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় বিদ্যালয় শিক্ষকদের অভিযোগে ওই অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ইউনুস আলী ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের চেয়ারে বসে থাকা অবস্থায় হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। এরপর কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে চড় মারেন।
পরে অন্য শিক্ষকেরা কক্ষে প্রবেশ করে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও জনৈক নয়ন কক্ষে প্রবেশ করে। তাঁদের প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে ফেল হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে তার বাবা ইউনুস আলী প্রধান শিক্ষককে মারধর করেন।
এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামানসহ ১১ শিক্ষক থানায় অভিযোগ করেন। পরে বিকেলে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।
ঝিকরগাছা থানা পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষক লাঞ্ছিত ঘটনায় ইউনুস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত