
মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে দুটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে টিফিনের পর শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ি এস এ পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান এবং শ্রেণিকক্ষের পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দেখা যায়, টিফিনের পর বেশ কয়েকটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বিদ্যালয়ের নির্ধারিত সময়ের একটি অংশে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠের ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইউএনও মাহামুদুল হাসান বলেন, বিদ্যালয়ের প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ। টিফিনের পর ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ পাঠ থেকে বঞ্চিত হয়। এর প্রভাব তাদের পড়াশোনা ও পরীক্ষার ফলাফলেও পড়তে পারে।
তিনি বলেন, বিজ্ঞানসহ ব্যবহারিক ও অনুশীলননির্ভর বিষয়গুলোতে শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অনুশীলন করা জরুরি। তাই শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং প্রয়োজনীয় বই-খাতা সঙ্গে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, টিফিনের পর অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে বের হয়ে যায়। এ ক্ষেত্রে অভিভাবকদের নজরদারির ঘাটতিও একটি কারণ হতে পারে। তাই অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে শ্রেণিশিক্ষকদের মাধ্যমে নিয়মিত খোঁজ নেওয়া এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে উপস্থিতির তথ্য পর্যবেক্ষণ, অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের অবহিতকরণ এবং প্রয়োজন অনুযায়ী অভিভাবক সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইউএনও মাহামুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা শুধু বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায়ই মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”
শিক্ষাবিদদের মতে, বিদ্যালয়ের নির্ধারিত সময়ের প্রতিটি ক্লাস শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই টিফিনের পর শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিততা যেমন বাড়বে, তেমনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশও আরও কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত