আবু মুসা, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদক পাচারবিরোধী অভিযানে প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফের খারাংখালী ও নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল পানিতে ভাসমান আটটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত