
নজরুল ইসলাম
টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে সাবরাং বিওপিতে স্থাপিত রাডারে নাফ নদীতে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত হয়। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযান পরিচালনাকারী দল সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওবিএম পোস্ট সংলগ্ন নাফ নদীতে তল্লাশি চালিয়ে একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা আটক করে। এ সময় নৌকাটি থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৫৩ বস্তা সার উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় নৌকাটির কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও রাডার নজরদারি ব্যবহার করে নাফ নদীর ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সন্দেহজনক নৌযান শনাক্ত হলেই তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দ করা ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত সাম্পান নৌকার বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত