নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজার এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষা ও মশার বংশবিস্তার রোধে পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় সড়কের পাশে পুরোনো ও পরিত্যক্ত গাড়ির টায়ার জমিয়ে রাখার ঘটনায় স্থানীয় টায়ার ব্যবসায়ী সুভাষ কুন্ডুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯(২) ধারায় এ জরিমানা করেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ। একই সঙ্গে সাত দিনের মধ্যে সড়কের পাশ থেকে জমিয়ে রাখা টায়ারগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,চিনাটোলা বাজারের উত্তর পাশে সাতক্ষীরা-চুকনগর মহাসড়কসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পুরোনো ও পরিত্যক্ত টায়ার জমা করে রাখা হয়েছে। এসব টায়ারের ভেতরে বৃষ্টির পানি আটকে থাকায় মশার প্রজননক্ষেত্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী,বিশেষ করে সড়কটির আশপাশের বসতবাড়িতে বসবাসকারী পরিবারগুলো শিশুদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তাঁদের মতে,সময়মতো টায়ারগুলো অপসারণ করা না হলে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার ঘটতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করবে।
এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে টায়ার অপসারণের নির্দেশ দিয়েছেন। সাত দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করা হলে ওই এলাকায় জমে থাকা পানি ও মশার প্রজননস্থল কমাতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত টায়ারগুলো সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত