মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি
মাত্র আট মাসের মাথায় বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, দেশের অভ্যন্তরেও একটি স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি এসব ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে।
২ নভেম্বর দুপুরে সিলেট নগরীর তোপখানাস্থ দলীয় কার্যালয়ে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরের ‘"আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার"’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সংসদে কোনো ধরনের আলোচনা বা গণতান্ত্রিক প্রক্রিয়ার তোয়াক্কা না করে যারা হঠাৎ লংমার্চের ডাক দেন, তাঁরা পেছনের অস্থিতিশীল পরিস্থিতিতে ইন্ধন জোগাচ্ছেন না—এমনটা দেশের জনগণ বিশ্বাস করে না।
তিনি বলেন, কোনো শক্তি যদি পেছনের দরজা কিংবা চোরাপথে ক্ষমতায় আসার বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে সচেতন মানুষ তা কখনোই মেনে নেবে না।
এসব অশুভ তৎপরতার পেছনে বিদেশি কোনো চক্র কিংবা অন্য কারও মদদ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য আবদুল মালিক, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম এবং অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।
সভায় সিলেট মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত