মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডি.বি. (ধুলিহর-ব্রহ্মরাজপুর) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইউএনও বিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষাগত ফলাফল সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান প্রতিষ্ঠানের অর্জন তুলে ধরেন। তিনি জানান, চলতি বছর বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া ৬ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এবং তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর দিকনির্দেশনা ও সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো এবং সার্বিক পরিবেশের আরও উন্নয়ন হবে।
জবাবে ইউএনও মো. নাজমুল হুসাইন বলেন, তিনি সব সময় ভালো ও ইতিবাচক কাজের সঙ্গে থাকবেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মতো উদ্যোগে উপজেলা প্রশাসন শিক্ষকদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
নবাগত ইউএনওর এমন আশ্বাসে বিদ্যালয়ের শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার ও সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত