মোঃ শিহাব উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
কুরআন ও হাদিস অধ্যয়ন এবং অনুশীলনের মাধ্যমে রাসুল (সা.)-এর আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের একটি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ইসলামী আন্দোলন। এ সংগঠনের সদস্যদের সাহাবায়ে কেরামের জীবনাদর্শ অনুসরণ করে নৈতিকতা, জ্ঞান ও আদর্শিক মান উন্নয়নে সচেষ্ট থাকতে হবে। এ জন্য নিয়মিত কুরআন-হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং অর্জিত জ্ঞানের বাস্তব অনুশীলন জরুরি।
তিনি আরও বলেন, মানুষের সামনে নানা ধরনের বিভ্রান্তি ও চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলায় ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের চিন্তা ও কর্মকে পরিশুদ্ধ করতে হবে। অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে জ্ঞানকে সমৃদ্ধ করতে পারলে আদর্শিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমির মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা আমির মোহাম্মদ মমিনুল হক সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না এবং মাওলানা আশরাফুল ইসলামসহ অন্য নেতারা।
মাওলানা আব্দুল জব্বার তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বিশ্বব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস বলেন, সমাজের প্রতিটি পাড়া-মহল্লায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে সংগঠনের সদস্যদের জ্ঞানচর্চা, নৈতিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত