মোঃ শিহাব উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় অটোরিকশাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০ নম্বরের একটি সাদা প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ধাক্কায় অটোরিকশাটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
অটোরিকশার চালক মো. সোহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত