মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার মিলন মোল্লা উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ জুলাই প্রতিবেশী এক গৃহবধূ পুকুরপাড়ের ক্ষেতে সবজি আনতে গেলে মিলন মোল্লা তাঁকে জোরপূর্বক ওড়না দিয়ে মুখ বেঁধে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদা খাতুন আসামি মিলন মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি মিলন মোল্লা পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে লোহাগড়া থানা পুলিশ তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁর নিজ বাড়ি থেকে মিলন মোল্লাকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত