মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি:নওগাঁ
নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর আওতাধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকি নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন।
উদ্ধারকৃত মালামাল পত্নীতলা থানায় সাধারণ ডায়েরিমূলে (জিডি) হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত