ডেক্স রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬ইং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ নভেম্বর ৬ দিনের সরকারি সফরে ইসলামাবাদ যান তিনি। এটি বাংলাদেশের কোনো স্পিকারের প্রথম অফিসিয়াল পাকিস্তান সফর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সফরকালে বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথে পৃথক বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বাংলাদেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত।
প্রতিনিধিদলে স্পিকারের সাথে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। আগামী ২৯ নভেম্বর প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ঢাকা-ইসলামাবাদ সম্পর্কের মধ্যে একটি নতুন গতি আসতে পারে, যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সম্মান সবার আগে থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত