
মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে:
পুলিশের কোনো সদস্য মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। পাশাপাশি পুলিশের কোনো সদস্য মাদকাসক্ত কি না, তা শনাক্ত করতে প্রয়োজনে তাদের ডোপ টেস্ট করা হবে বলেও জানান তিনি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পুলিশের কোনো সদস্য মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের সদস্যদের মধ্যে কেউ মাদকাসক্ত কি না, তা শনাক্তে ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, মব সৃষ্টি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের টহল (পেট্রোলিং) ও বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ কাজে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, চলতি বছর খুলনা বিভাগের ১০টি জেলায় পুলিশ বিভাগের উদ্যোগে ৫০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার ও মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি সুলতান মাহমুদ ও আজিজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত