মোঃ সবুর শেখ ।
ফুলতলা উপজেলা প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক দল (এলসিএস) নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা-এর উপস্থিতিতে এলজিইডির উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত লটারির কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসার, শরীফ মোঃ ভূইয়া শিপলুসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা যায়, এলসিএস শ্রমিক দল গঠনের জন্য মোট ১৫১ জন নারী-পুরুষ আবেদনকারী অংশগ্রহণ করেন। আবেদনকারীদের মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩১ জনকে নির্বাচিত করা হয়।
উপস্থিত কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। লটারিতে নির্বাচিত ব্যক্তিরা এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কাজে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন হওয়ায় আবেদনকারী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।