
মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলা থানা পুলিশের অভিযানে চুরির অভিযোগে হাদী উজ্জামান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) ফুলতলা থানার এসআই ইমন পারভেজের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের জাহিদ মাস্টারের বাড়ি থেকে ওই বাড়ির ভাড়াটিয়া হাদী উজ্জামানকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী ফুলতলার বেজেরডাঙ্গা এলাকার একটি নার্সারির ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে—একটি ট্যাব, দুটি পাসপোর্ট, তিনটি হাতঘড়ি, একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ, একজোড়া জুতা, একটি প্যান্ট ও একটি টি-শার্ট।
আটক হাদী উজ্জামান খুলনা জেলার বটিয়াঘাটা থানার ঝিনাইখালি গ্রামের মুজিবর রহমানের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।