দেহ তল্লাশিতে মিলল ১৯৫ গ্রাম ইয়াবা, জব্দ মোবাইল ফোন ও সিম
মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. ওয়াজেদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে বগুড়া সদর উপজেলার গোকুল দক্ষিণপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ওয়াজেদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ পৌরসভার তুলারাম মজিদপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে রংপুরগামী ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী কোচে ইয়াবার চালান পাচারের তথ্য পাওয়া যায়। পরে গোকুল দক্ষিণপাড়া এলাকায় পায়েল মিয়ার বাড়ির সামনে মহাসড়কে বাসটিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাসের F-3 নম্বর সিটে বসা ওয়াজেদুল ইসলামকে আটক করা হয়। তিনি টিকিটবিহীন যাত্রী ছিলেন। পরে তার দেহ তল্লাশি করে কালো স্কচটেপে মোড়ানো একটি খাকি রঙের প্যাকেট উদ্ধার করা হয়।
প্যাকেটের ভেতরে নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে মোট ১ হাজার ৯৫০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৯৫ গ্রাম।
এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি Realme C85 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় মামলা করেছেন।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত