মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় আবুল বাশার (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে লাঙ্গলবন্দ এলাকার লেডিস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের আবু সালেহ চান মিয়ার ছেলে। তিনি প্রায় এক বছর ধরে লাঙ্গলবন্দের লেডিস পাম্পে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে গত ১০ বছর ধরে বন্দরের মদনপুর এলাকায় বসবাস করতেন তিনি।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন জানান, মহাসড়ক পার হওয়ার সময় স্টারলাইন পরিবহনের একটি বাস আবুল বাশারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
নিহতের বড় ছেলে জয়েনাল আবেদীন রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবার মরদেহ শনাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত