সায়েম মাহমুদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বারবার সতর্ক করার পরও পরিবেশদূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চট্টগ্রামের পটিয়ায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলি কারখানা সিলগালা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাইখাইন এলাকায় ফুলকলি কারখানার দূষণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে এ নির্দেশনা দেন তিনি।
জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরকে এ নির্দেশনা দিয়েছেন বলে জানান সংসদ সদস্য এনামুল হক এনাম। এ সময় তিনি বলেন, ‘জনগণের ক্ষতি করে কোনো শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া হবে না। জনগণের স্বার্থই সবার আগে। তাদের দীর্ঘদিন ধরে সময় দেওয়া হলেও তারা কারও কথায় কর্ণপাত করছে না।’
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং কারখানার বর্জ্য ব্যবস্থাপনা, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানাটির বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে অপরিশোধিত বর্জ্য সার্জেন্ট মহি আলম খালে ফেলা হচ্ছে। এতে এলাকায় এখনো তীব্র দুর্গন্ধ ও পরিবেশদূষণ অব্যাহত রয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি আশপাশের কৃষিজমি ও জনজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন তাঁরা।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় নাইখাইন এলাকায় গিয়ে ফুলকলি কারখানার দূষণ ও তীব্র দুর্গন্ধের বিষয়ে স্থানীয়দের অভিযোগ শুনেছিলেন এনামুল হক এনাম। নির্বাচিত হওয়ার পরও তিনি একাধিকবার কারখানা ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও কারখানাটি পরিদর্শন করে দূষণ ও দুর্গন্ধের সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি।
এর আগে ২০১৯ সালে ইটিপি অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য খালে ফেলার অভিযোগে পরিবেশ অধিদপ্তর ফুলকলি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে পটিয়ার ফুলকলি কারখানার ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিনকে ফোন করা হলে তিনি প্রশ্ন শুনে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত