স্টাফ রিপোর্টার:- আল ইমরান
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া চিকিৎসা সহায়তার ১ লাখ টাকার মধ্যে ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অসুস্থ বৃদ্ধ। অভিযোগকারী মো. সোহরাব হোসেন (৬০)। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত তিনি।
অভিযুক্তরা হলেন- ১. ইয়ার আলী (৩৫), ২. মো. রনি (২১), উভয় পিতা- খোকন ফকির, একই গ্রামের বাসিন্দা।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে সোহরাব হোসেন জানান, তিনি অসুস্থ থাকায় চিকিৎসার খরচের জন্য সমাজকল্যাণ অফিসে আবেদন করেন। এ সময় ১ নম্বর অভিযুক্ত ইয়ার আলী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার আবেদনের সব কাজ করে দেওয়ার কথা বলে চিকিৎসার সমস্ত কাগজপত্র নিয়ে যান। পরে ইয়ার আলী অসুস্থ সোহরাব হোসেনকে নিয়ে ঢাকা সচিবালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১,০০,০০০ টাকার একটি চেক এনে দেন।
এরপর সেই চেকটি কাশিয়ানী সদরের ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখায় জমা দেওয়া হয়। পরবর্তীতে গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলার সাজাইল বাজার ইসলামী এজেন্ট ব্যাংক থেকে ১ লক্ষ টাকা উত্তোলন করা হয়।
অভিযোগে বলা হয়, টাকা উত্তোলনের সময় সোহরাব হোসেনের হাতের ছাপ নেওয়া হয়। পরে ব্যাংকার টাকা ইয়ার আলীর হাতে গুনে দেন। ইয়ার আলী ব্যাংকের নিচে এসে অসুস্থ সোহরাবকে মাত্র ৩০,০০০ টাকা দিয়ে বাকি ৭০,০০০ টাকা পরে দেবে বলে ভুল বুঝিয়ে চলে যান।
কিছুদিন পর পাওনা টাকা চাইলে তিনি টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন। একপর্যায়ে বলেন — “কীসের টাকা? এটা কী তোর গরু বেচা টাকা না জমি বেচা টাকা?”
অভিযোগকারীর দাবি, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ১ নম্বর অভিযুক্ত ইয়ার আলী তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে পাওনা টাকা দেবে না, “পারলে কিছু করিস” মর্মে হুমকি দেন। এ ঘটনার সাক্ষী হিসেবে কহিনুর বেগম (৫০) ও সামিউল (২১) এর নাম উল্লেখ করা হয়েছে। বর্তমানে অভিযুক্তরা বিভিন্ন সময় অসুস্থ সোহরাব হোসেন ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিরুপায় হয়ে অবশেষে কাশিয়ানী থানায় অসুস্থ সোহরাব হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।
এদিকে সোহরাব হোসেন বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। সাংবাদিকরা অনুসন্ধান শুরু করলে ইয়ার আলীর বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইয়ার আলী, সোহরাব হোসেন ও ইসলামী এজেন্ট ব্যাংকের এমডিকে নিয়ে সাজাইল ব্যাংকে শুনানির আয়োজন করেন। শুনানিতে ইয়ার আলীকে বাকি ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়। তখন তিনি টাকা ব্যাংক থেকে তুলতে পারেননি বলে জানান। তাই পরের দিন সকাল ১০টায় ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার কথা হয়। কিন্তু টাকা না দিয়ে ইয়ার আলী পালিয়ে যান।
পরে জানা যায়, ইয়ার আলী গোপালগঞ্জ কোর্টে গিয়ে সালিশে থাকা গণ্যমান্য ব্যক্তি ও দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইয়ার আলী মুঠোফোনে জানান, তিনি অসুস্থ সোহরাব হোসেনকে চিনেনই না। আর ৫ নভেম্বর তিনি ব্যাংকেও যাননি বলে দাবি করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তবে ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইয়ার আলী ৫ নভেম্বর ঠিকই ব্যাংকে গিয়েছিলেন। আর উক্ত টাকা উত্তোলনের মাত্র ৩০ মিনিট পরেই তিনি তার নিজ অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা জমা রাখেন। ভুক্তভোগীর ধারণা, ওই টাকাই তার চিকিৎসার টাকা, যা নিজের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছেন ইয়ার আলী।
অভিযোগ রয়েছে, ১ নম্বর অভিযুক্ত ইয়ার আলী নিজেকে কখনো সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক পরিচয় দিয়ে থাকেন। সাংবাদিক বানিয়ে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নিয়ে সাংবাদিকের প্রেস কার্ড করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ঘর দেওয়া, টিউবওয়েল দেওয়া, সরকারি কম্বল ইত্যাদি অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, অসহায় অসুস্থ রোগীকে তার ন্যায্য টাকা পাইয়ে দেওয়াই কি অপরাধ? আত্মসাৎ ও প্রতারণার নিউজ করাটাই কি গণমাধ্যমকর্মীদের অপরাধ?
ভুক্তভোগী সোহরাব হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত, তার চিকিৎসার বাকি টাকা ফেরত এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত