মোহাম্মদ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার ২ নম্বর দামোদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজামভিটা মাঠ সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারের বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার না করে নামমাত্র কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পের সাইনবোর্ডে ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কমিটি কর্মসূচির আওতায় মাঠ সংস্কারের জন্য ৩ লাখ টাকা বরাদ্দের তথ্য উল্লেখ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
এলাকাবাসীর অভিযোগ, মাঠ সংস্কারের নামে মাত্র ৩৪ গাড়ি বালু ফেলে কয়েকজন শ্রমিক দিয়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে। অথচ প্রকল্পের পুরো ৩ লাখ টাকা স্থানীয় প্রভাবশালীদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিয়েছে। কিন্তু হাজামভিটা মাঠে নিম্নমানের ও অসম্পূর্ণ কাজের কারণে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
এলাকার সর্বস্তরের জনগণ অভিযোগ করে বলেন, "সরকার যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। মাঠ সংস্কারের নামে নামমাত্র কাজ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে।"
এ বিষয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত