
নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর)যশোরঃ
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সৈয়দমাহমুদপুর চার রাস্তার মোড়ে মানব সেবা সংঘের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে ১০০টি ফলজ চারা বিতরণ করা হয়েছে,শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানব সেবা সংঘের সভাপতি মোঃ মেহেদী হাসান, সহ-সভাপতি ডাক্তার স্বপন চ্যাটার্জী,চিনাটোলা কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজিজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম, শিক্ষক মোঃ ইলাজুর রহমান, জেসমিন আরা বেগম, বাবলুর রহমান, মাস্টার অভিমান্যসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ফলজ গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেশি বেশি ফলজ গাছ লাগালে একদিকে যেমন দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশকে নির্মল রাখতে সহায়তা করবে।
তারা আরও বলেন, গাছ মাটির ক্ষয় রোধ, অতিরিক্ত তাপমাত্রা কমানো এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি একটি ফলজ গাছ ভবিষ্যতে একটি পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস হতে পারে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা করা।
মানব সেবা সংঘের এ উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত