সরকারি প্রকল্প সরকারি ব্যবস্থাপনাতেই রাখার দাবি, কর্মীদের ১৫ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতন-সহ একাধিক দাবিতে সরব মিড ডে মিল কর্মী ইউনিয়ন
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:
সম্প্রতি রাজ্য সরকারের এক নির্দেশকে কেন্দ্র করে মিড ডে মিল প্রকল্পের পরিচালন ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলায় মিড ডে মিল প্রকল্পের দায়িত্ব ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। এরই প্রতিবাদে রবিবার, ২৩ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলাশাসকের (ডিএম) দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়।
সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা নীলাঞ্জনা কর ও মনোরমা হালদার এক যৌথ বিবৃতিতে জানান, সরকারি প্রকল্প সরকারি ব্যবস্থাপনাতেই পরিচালিত হওয়া উচিত। কোনওভাবেই এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বেসরকারি হাতে তুলে দেওয়া উচিত নয়। জনমতের তোয়াক্কা না করে রাজ্য সরকারের একতরফা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠন।
তাঁদের বক্তব্য, কলকাতায় অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহের ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসেছে। তাঁদের দাবি, সীমিত পরিসরেই যদি পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তাহলে রাজ্যজুড়ে এত বড় একটি প্রকল্পের দায়িত্ব ওই সংস্থার হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা কোথায়?
পাশাপাশি, এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে মিড ডে মিল প্রকল্পে রান্নার কাজে নিযুক্ত কর্মীদের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, প্রকল্পের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে চলে গেলে বহু কর্মী কাজ হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।
সংগঠনের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়েছে, মিড ডে মিল কর্মীদের বছরে ১২ মাসের বেতন, অবসরকালীন ভাতা, সরকারি কর্মীর স্বীকৃতি এবং ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক মজুরি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে প্রকল্পটিকে আরও উন্নত, কার্যকর ও সৃজনশীল করে তোলার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
ইউনিয়নের দাবি, এই সমস্ত দাবিদাওয়া সামনে রেখে ২৩ নভেম্বর জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। এর আগে গত ২০ নভেম্বর শিক্ষা মন্ত্রীর দপ্তরেও সংগঠনের পক্ষ থেকে নিজেদের দাবিগুলি জানানো হয়েছে।
সংগঠনের নেত্রীদের স্পষ্ট বক্তব্য, তাঁদের দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত কার্যকরী পদক্ষেপ না করা হলে আগামী ২৮ ডিসেম্বর কলকাতায় বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের বেসরকারিকরণের বিরোধিতা এবং মিড ডে মিল কর্মীদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তার দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে সংগঠন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত