
দ্বিতীয় দফায় ৫,৮৬৮ পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ
নুরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদকঃ
পলিসিধারীদের দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, গ্রাহকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং আটকে থাকা বৈধ দাবি পর্যায়ক্রমে নিষ্পত্তির কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর মোট ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।
আইডিআরএর উদ্যোগে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘদিনের বৈধ ও অপরিশোধিত বীমা দাবি নিষ্পত্তির এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
দ্বিতীয় দফায় পাঁচ কোম্পানির দাবি পরিশোধ
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩,৬০০ জন পলিসিধারী—১২ কোটি টাকা।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১,১৪৫ জন পলিসিধারী—৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৫৮০ জন পলিসিধারী—৫ কোটি টাকা।
সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩০০ জন পলিসিধারী—৫৫ লাখ ৩০ হাজার টাকা।
সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ২৪৩ জন পলিসিধারী—৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা।
সব মিলিয়ে দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।
প্রথম দফায় পরিশোধ ১৪.৫১ কোটি টাকা
এর আগে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ আইডিআরএর উদ্যোগে প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়।
দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নেতৃত্বে পরিবর্তনের বার্তা
বীমা খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা বৈধ দাবি নিষ্পত্তির পাশাপাশি গ্রাহকের অধিকার সুরক্ষা, কোম্পানিগুলোর জবাবদিহিতা এবং নিয়ন্ত্রক শৃঙ্খলা জোরদারে আইডিআরএর সাম্প্রতিক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে ধারাবাহিকভাবে দাবি পরিশোধের উদ্যোগ বীমা খাতে নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকার একটি দৃশ্যমান দৃষ্টান্ত হয়ে উঠছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দাবি না পাওয়া পলিসিধারীদের অর্থ ফেরত দেওয়ার মাধ্যমে গ্রাহকদের মধ্যে নতুন করে আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।
আইডিআরএর পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির এ উদ্যোগ এখানেই শেষ নয়। অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত দাবিগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধের কার্যক্রম অব্যাহত থাকবে।
পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বীমা শিল্পে আস্থা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইডিআরএর এ উদ্যোগ ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত