মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকায় একটি টিনশেড ঘরে পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সীতারামপুর এলাকায় রাস্তার পাশে ছবুরোন নেসার একটি টিনশেড ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাড়ির মালিক ছবুরোন নেসা জানান, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে, সেটির জানালার বাইরে একটি লম্বা রশি বের হয়ে থাকতে দেখা যায়। রশিটি গুছিয়ে রাখার জন্য তিনি টান দিলে হঠাৎ ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ঘরটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
ছবুরোন নেসার ধারণা, কে বা কারা ওই বিস্ফোরক দ্রব্যটি ঘরের ভেতরে রেখে গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটেছে, সেখানে কেউ বসবাস করেন না। এমনকি ঘরটির দরজা-জানালাও নেই। ঘটনাস্থল থেকে একটি পাতিলের মধ্যে থাকা বিস্ফোরিত দ্রব্যের আলামত সংগ্রহ করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে বিস্ফোরিত বস্তুটি ককটেল নয় বলে ধারণা করা হচ্ছে। এটি ‘হোমমেড আইইডি’ বা পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য হতে পারে। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বিস্ফোরক দ্রব্য সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত