আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আদায়ের লক্ষ্যে রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে কাজ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আগামীকাল (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মপরিকল্পনা ও পরবর্তী অবস্থান তুলে ধরা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি জানান, আগামীকাল সালাউদ্দিন আম্মার ও মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন।
ফাহিম ফারুকী বলেন, "আমরা কেন্দ্রের পক্ষ থেকে তাদের যৌক্তিক আন্দোলন-সংগ্রাম এবং শিক্ষার্থীবান্ধব ঐক্যের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছি।"
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত রাকসু নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান।
তিনি আরও বলেন, "ছাত্র সংসদ নির্বাচন তরুণ শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সুতরাং, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা মানে গণতান্ত্রিক রাজনীতির কবর রচনা করা। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বিলম্ব না করে দ্রুত রাকসু নির্বাচনের কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।"
আগামীকালের সংবাদ সম্মেলনে যৌথ আন্দোলনের কর্মপরিকল্পনা, পরবর্তী কর্মসূচি ও রাকসু নির্বাচন আদায়ের বিষয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরা হবে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি
মঞ্চ ২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত