উৎপল কুমার সরকার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার (১৮ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কয়েকজন চোরাকারবারী মাথায় প্লাস্টিকের বস্তা বহন করে যাওয়ার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। এসব বস্তার ভেতর থেকে ESSE Lights ব্র্যান্ডের মোট ৩০ কার্টুন বিদেশি সিগারেট পাওয়া যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা নানা অভিনব কৌশলে সীমান্ত পথে অবৈধ পণ্য পাচারের চেষ্টা চালাচ্ছে। এসব তৎপরতা রোধে বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।