মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:-
রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত ‘গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন প্রশিক্ষণ-২০২৬’ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
অনুষ্ঠানে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন, পরিচর্যা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তাত্ত্বিক ক্লাস পরিচালনার পাশাপাশি প্রশিক্ষণের অংশ হিসেবে স্থানীয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এবং একটি বেসরকারি গবাদিপশুর খামার পরিদর্শনের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত