খোকন মাহমুদ মানবাধিকার খবর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে বাড়ছে মাদকের বিস্তার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক সিন্ডিকেট তাদের কৌশল পরিবর্তন করে এখন 'হোম ডেলিভারি'র মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে মারাত্মক সব মাদকদ্রব্য।
স্থানীয় সূত্র ও সম্প্রতি আটক এক ব্যক্তিদের তথ্যমতে, কেবল নগর হাওলা গ্রামেই চিহ্নিত অন্তত ১২ জন মাদকের ডিলার সক্রিয় রয়েছে। এই গ্রামটিকে কেন্দ্র করেই ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদের একটি সিন্ডিকেট পরিচালিত হচ্ছে।
পূর্বে কারবারিরা নিজ নিজ বাড়ি থেকে মাদকের কেনাবেচা করলেও বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এড়াতে মোটর সাইকেল ও সাপ্লায়ারদের মাধ্যমে গোপন মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।
মাদকের এই ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে সম্প্রতি উপজেলায় যুবসমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন। এরই অংশ হিসেবে নগর হাওলা গ্রামে শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় ছাত্রদল কর্মী নাহিদ শেখের নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এলাকাবাসীর সহায়তায় দুই পিসা বা দুই পাতা হিরোইন সহ হাতেনাতে আটক করা হয় কয়েকজন মাদকসেবীকে। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাদক সেবনের আস্তানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম, ৫০টিরও বেশি ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও অপরাধীরা আস্তানা ফেলে চম্পট দেয়।
এলাকার সচেতন যুবসমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, মাদকের প্রভাবে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। অপরাধীদের কৌশল পরিবর্তনের সাথে সাথে পুলিশি গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং নিয়মিত সাঁড়াশি অভিযান চালানো জরুরি। শুধুমাত্র সাময়িক অভিযান নয়, বরং মাদকের রুট বন্ধে স্থায়ী আইনি পদক্ষেপ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তারা।
শ্রীপুর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। নগর হাওলা গ্রামসহ পুরো এলাকায় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত