উৎপল কুমার সরকার ব্যুরো চিফ,রাজশাহী।
রাজশাহীর কয়েকজন সাংবাদিকের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মো. সুরুজ আলী গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেসক্লাবে অবস্থানকালে ফেসবুক ব্যবহারের সময় দেখতে পান, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি সংঘবদ্ধ চক্র ভুয়া ফেসবুক আইডি খুলে তার নামসহ রাজশাহী প্রেসক্লাবের একাধিক সাংবাদিকের পরিচয় ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুয়া আইডিগুলো থেকে বিভিন্ন বানোয়াট তথ্য, বিকৃত ও সম্পাদিত ছবি প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংবাদিকদের পেশাগত সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে। একাধিক ফেসবুক লিংকের মাধ্যমে পরিকল্পিতভাবে এ অপপ্রচার পরিচালিত হচ্ছে বলেও অভিযোগে বলা হয়েছে।
সাংবাদিক সুরুজ আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া তথ্য ও ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অপপ্রচারকারীদের শনাক্ত করতে তিনি বিভিন্নভাবে চেষ্টা চালালেও এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।