মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘গ্রামীণ ফুডস’-কে ৩ লাখ টাকা, ‘বিসমিল্লাহ হোটেল’-কে ১ লাখ টাকা, ‘স্টার হোটেল’-কে ১০ হাজার টাকা এবং ‘মৌবন হোটেল’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে খাদ্যপণ্যের মান, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং রান্নাঘরের পরিবেশের পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হয়। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষায় হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানান স্থানীয় সচেতন মহল ও ভোক্তারা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত